মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৮ ডিসেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রাম-১১—এবি পার্টির মনোনয়ন নিলেন প্রকৌশলী লোকমান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) সংসদীয় আসন (জাতীয় সংসদের ২৮৮ নং আসন) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ লোকমান। জেলা সহকারী রিটার্নিং অফিসার সালমা নাজনীন-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।

প্রকৌশলী মোহাম্মদ লোকমান বর্তমানে এবি পার্টির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী পরিষদের সদস্য এবং দলের বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বন্দর–পতেঙ্গা এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে তার সুস্পষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় তিনি বিশেষভাবে সবুজ নগরায়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, চট্টগ্রাম বন্দরের অবকাঠামো ও ব্যবস্থাপনার মানোন্নয়ন, উন্নত স্বাস্থ্যসেবা, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাপনা, চাইল্ড হেলথ সার্ভিস সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, বন্দর–পতেঙ্গা এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য।

এ সময় চট্টগ্রাম মহানগর এবি পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম বলেন, প্রকৌশলী মোহাম্মদ লোকমান ইতোমধ্যে চট্টগ্রামের সার্বিক উন্নয়নে যে ১২ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছেন, তা নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এসব প্রস্তাবনা বাস্তবায়িত হলে চট্টগ্রাম একটি আধুনিক ও বিশ্বমানের শহরে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, চট্টগ্রাম-১১ আসনে প্রকৌশলী মোহাম্মদ লোকমান একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবেন এবং এবি পার্টির ‘ঈগল’ প্রতীক তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় প্রতীকে পরিণত হবে।

মনোনয়নপত্র সংগ্রহকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জায়েদ হাসান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোর্শেদ ইসলাম, প্রকৌশলী ও দলীয় নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।