সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৫ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্নে একাত্তরে কোনো আপস নেই—তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি। একাত্তরকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকবে না।

তিনি বলেন, সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে।

সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তারেক রহমান।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান রাজনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা আরও সুদৃঢ় করতে হবে।

সাক্ষাৎকালে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন তারা।

বৈঠক সূত্রে জানা যায়, আলোচনায় তারেক রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বৈঠক শেষে বাম দলগুলোর পক্ষ থেকে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন—একাত্তরের মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না।

তিনি আরও বলেন, ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।