শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

সোমবার

০৫ জানুয়ারি ২০২৬

২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

কোতোয়ালী থানার অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালী থানার বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ শহরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ মনির (২৮) গ্রেফতার হয়েছে। এ সময় তার হেফাজত থেকে একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত দেশীয় একনলা বন্দুক এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, সোমবার ভোর ৪টা ১০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত চলা অভিযানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ কাজী মনিরুল করিম ও সঙ্গীয় ফোর্স লালখান বাজার থেকে মনিরকে আটক করে।

অভিযানের সময় তিনি টাইগারপাসগামী পাকা সড়কের পাশে, টাইগারপাস এজেন্সি লিমিটেড গ্যাস ফিলিং স্টেশনের সীমানা প্রাচীর সংলগ্ন পাহাড়ের নিচে অবস্থান করছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে কোতোয়ালী থানায় মামলা নং–১০, তারিখ ৫ জানুয়ারি ২০২৬, ১৮৭৮ সালের অস্ত্র আইন ১৯(ক) ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মোঃ মনিরের পিতা মৃত আবু তাহের (ওরফে কাশেম) এবং মাতা নাসিমা বেগম। তার স্থায়ী ঠিকানা চেয়ারম্যান ঘাটা, মোরশেদ মাঝির বাড়ি, থানা হাতিয়া, জেলা নোয়াখালী। বর্তমানে তিনি ভাসমান এলাকায় ৭ নম্বর বাস পার্কিং এলাকা, থানা কোতোয়ালী, চট্টগ্রামে অবস্থান করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মনিরের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশের বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা, দ্রুত বিচার আইনের মামলা এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা।

কোতোয়ালী থানার পুলিশ জানিয়েছে, নগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে। তারা শহরের সন্ত্রাসী ও অস্ত্রধারী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।