সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৮ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে টিনশেড ঘরের আড়ালে তেল চুরি—বিপিসির পাইপলাইনে ফুটো

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর তেল পরিবহন পাইপলাইন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদির ফকিরহাট এলাকায় এ ঘটনা ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি প্রায় এক মাস আগে মহাসড়কের পাশে বিপিসির পাইপলাইনের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করেন। পরে সুযোগ বুঝে তিনি পাইপলাইনে ফুটো করে অবৈধভাবে তেল চুরি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে বিপিসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা পাইপলাইনের ক্ষয়ক্ষতির পরিমাণ ও চুরি হওয়া তেলের পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছেন।

টিনশেড ঘরটির মালিক নুর জাহান জানান, প্রায় এক মাস আগে আমিরুল ইসলাম ঘরটি ভাড়া নেন। তার স্বামী নুরুল আবছার ঘরটি ভাড়া দিলেও ভাড়াটিয়ার কোনো স্থায়ী ঠিকানা সংরক্ষণ করা হয়নি বলে তিনি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা পাইপলাইন ফুটো করে তেল চুরি করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে পাইপলাইন মেরামতের কাজ চলছে।

এ ঘটনায় কী পরিমাণ তেল চুরি হয়েছে এবং পাইপলাইনের কতটুকু ক্ষতি হয়েছে তা নিরূপণে তদন্ত চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পর মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইদুল ইসলাম এবং বিপিসির দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো মন্তব্য করতে রাজি হননি।