শনিবার
১০ জানুয়ারি ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামে অলনাইট অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট সিজন–২ এর মেগা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পশ্চিম চরকানাই হযরত আস’আদ আলী (রা.) ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮টায় বহুদলীয় এই ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়।
মেগা ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য শফিকুল ইসলাম শফিক।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাটালিস্ট হেলথ কেয়ারের হেড অব মার্কেটিং মো. সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পটিয়া উপজেলা যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিউল আজম, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হাসেম রাব্বু। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু তৈয়ব, সাবেক ব্যাংকার ও সাংবাদিক মো. হাসান মুরাদ, চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল শুক্কুর, চট্টগ্রাম নারী ও শিশু আদালতের পেশকার আব্বাস হোসেন, প্রকৌশলী মো. সাজ্জাদ, শেখ তৌহিদুল ইসলাম, মো. শাহ আলম, প্রকৌশলী শিবলু, মোহাম্মদ ওমর ফারুক সাহেদ, মো. ফরিদুল আলম, মো. জুয়েলসহ আরও অনেকে।
মেগা ফাইনাল খেলায় ‘কেএসবি স্পোর্টিং ক্লাব’ ও ‘কোলাগাঁও স্পোর্টিং ক্লাব’ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কোলাগাঁও স্পোর্টিং ক্লাব ১-০ গোলে কেএসবি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম শফিক বলেন, বর্তমান যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা যুবসমাজকে সঠিক পথে রাখে। তিনি প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
মেগা ফাইনাল উপলক্ষে স্থানীয় ও আগত দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলা শুরুর আগে আতশবাজির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা, অতিথিদের ফুল দিয়ে বরণ, সম্মাননা ক্রেস্ট প্রদান, দর্শকদের জন্য কুপন ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষে বিজয়ী দল কোলাগাঁও স্পোর্টিং ক্লাবকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ২৫ হাজার টাকা এবং রানারআপ দল কেএসবি স্পোর্টিং ক্লাবকে ট্রফি ও নগদ ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। ফটোসেশনের মাধ্যমে মেগা ফাইনাল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।