রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১০ জানুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প—সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নুর কামাল (২৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। নুর কামাল একই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।

ঘটনার তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার। তিনি জানান, নুর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ক্যাম্পের আই-ব্লকে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ বাধে।

এসময় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে নুর কামাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নুর কামাল একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন এবং নিজ নামে বাহিনী গড়ে তুলে আশপাশের এলাকায় অপরাধ সংঘটন করে আসছিলেন।

কাউছার সিকদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাম্পের মধ্যি আবুল কালাম জানান, রাতে হঠাৎ করে গোলাগুলির তীব্র আওয়াজে ব্লকে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আশ্রিত রোহিঙ্গারা শান্তিতে থাকতে চায় এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

গত কয়েক মাস ধরে ক্যাম্প এলাকায় কিছুটা শান্তি থাকলেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হঠাৎ উত্তাপ ছড়িয়ে পড়েছে।