সোমবার
১২ জানুয়ারি ২০২৬
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দেশে আবার উৎসবমুখর নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে না।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে কালামিয়া বাজারের সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম-৯ আসনের ১৪টি ওয়ার্ডের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র শাহাদাত বলেন, ২০০১ সালের পর দেশের জাতীয় নির্বাচনগুলো সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে না হওয়ায় নির্বাচনী ব্যবস্থার প্রতি জনআস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অনাস্থা দূর করতে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। ভোটাধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি—এ অধিকার ফিরিয়ে না আনলে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা দুর্বল হবে।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম এবং পরিচালনা করেন বিএনপি নেতা আকতার খান।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সদস্যসচিব নাজিমুর রহমান।
আবু সুফিয়ান বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করে। তিনি নেতাকর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান এবং ভোটকেন্দ্রে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন।