মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


জয়নাল, চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। সংকটের সুযোগে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) চন্দনাইশ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কোম্পানিভেদে ১২ কেজির গ্যাস সিলিন্ডার ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে, যা নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি।
স্থানীয় সূত্রে জানা যায়, শীতকালে পাইপলাইনে ঠান্ডার কারণে বরফ জমে গ্যাসের সরবরাহ কমে যায়। ফলে বিপুল সংখ্যক মানুষ রান্নার প্রয়োজনে এলপিজি গ্যাসের দিকে ঝুঁকে পড়েন। হঠাৎ এই অতিরিক্ত চাহিদাকে পুঁজি করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন।
একদিকে পাইপলাইনে গ্যাসের স্বল্পতা, অন্যদিকে বাজারে কৃত্রিম সংকট—এই দুই চাপে সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে বলে অভিযোগ করছেন ভোক্তারা।
গ্যাস কিনতে আসা ৫৩ বছর বয়সী আব্দুল মান্নান বলেন, “আমাদের বাড়িতে বেশিরভাগ রান্না লাকড়ির চুলায় হয়। তবে সকালের নাস্তার জন্য সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। কিন্তু এখন গ্যাসের দাম এত বেশি যে না কিনেই বাড়ি ফিরে যেতে হচ্ছে।”
স্থানীয়দের দাবি, বাজার মনিটরিং জোরদার করে দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।