বুধবার
১৪ জানুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে বায়েজিদ এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে আরও তিন সহযোগীকেও আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ কমিশনারের নির্দেশনায় গঠিত একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি ঢাকার গুলশান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে বার্মা সাইফুল ও তার সহযোগী শিহাব উদ্দিনকে গ্রেফতার করে। তারা পাঁচলাইশ থানার আতুরারডিপো এলাকায় সংঘটিত স্বর্ণের বার লুণ্ঠনের ঘটনায় জড়িত বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।
গ্রেফতারের পর আসামিদের নিয়ে পরিচালিত অভিযানে ঘটনার কাজে ব্যবহৃত একটি ইয়ামাহা আর–১৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের করা মামলায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, বার্মা সাইফুলের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ ও দস্যুতাসহ মোট ৩৪টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। অপরদিকে, শিহাব উদ্দিনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।
এদিকে, পাঁচলাইশ মডেল থানার পৃথক অভিযানে বার্মা সাইফুলের আরও দুই ঘনিষ্ঠ সহযোগী রিয়াদ হোসেন ও মীর হোসেন ওরফে লিংকনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিল।
পুলিশ আরও জানায়, রিয়াদ হোসেনের বিরুদ্ধে পাঁচটি এবং মীর হোসেন ওরফে লিংকনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, স্বর্ণের বার লুণ্ঠনের ঘটনায় এ পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ২৯টি স্বর্ণের বার (২৯০ ভরি) এবং ঘটনার কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল।