শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে। দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বাইরে থেকে এককভাবে অংশ নেবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি জানান, দলের আমির সৈয়দ রেজাউল করিমের নির্দেশে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
গাজী আতাউর রহমান বলেন, ‘ইনসাফের দিক থেকে বঞ্চিত হওয়া’ এবং ‘ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়া’র কারণেই তারা জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামের আমির তাদের সঙ্গে আলোচনা না করেই বিএনপির প্রধান তারেক রহমানের সঙ্গে সমঝোতার কথা বলেছেন। এতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, সারা দেশে ২৭০ আসনের মধ্যে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র বৈধ হয়েছে ২৬৮টি আসনে। এসব আসনে দলটি এককভাবে নির্বাচন করবে এবং ইসলামপন্থি শক্তির সব ভোট এক বাক্সে আনার চেষ্টা করবে। দলের কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন না বলেও জানান তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র বাছাই শেষে আপিল নিষ্পত্তির পর্যায়ে রয়েছে নির্বাচন কমিশন। আগামী ২০ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, পিআর পদ্ধতিতে নির্বাচন ও সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিতে ধর্মভিত্তিক আট দলের যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ গড়ে ওঠে। পরে নির্বাচন সামনে এলে এটিকে নির্বাচনী জোটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
তবে গত দুই সপ্তাহ ধরে আসন সমঝোতা নিয়ে জামায়াতে ইসলামের সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে পারেনি ইসলামী আন্দোলন। দলটির দাবি ছিল দেড়শর বেশি আসন। প্রত্যাশিত আসন না পাওয়ায় বৃহস্পতিবার জোটের বৈঠকে যোগ দেয়নি তারা।
সবশেষে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল।