শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে। রাষ্ট্রের ক্ষমতা অতিরিক্ত বেড়ে গেলে জনগণ ক্ষতিগ্রস্ত হয় এবং ফ্যাসিবাদ সৃষ্টি হয়। জনগণ বলতে দেশের প্রতিটি নাগরিককে শক্তিশালী হতে হবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে নগরীর ন্যাশনাল মেরিটাইম একাডেমির সিম্যান্স হোস্টেল প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুণ্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে পড়েছিল এবং দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছিল। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রাষ্ট্রের ক্ষমতা সীমিত করে জনগণের ক্ষমতা বাড়ানো জরুরি।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখতে হবে। স্বাধীনভাবে কাজ করার অধিকার সবার রয়েছে। সমাজের প্রতিটি স্তরে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং নেতৃত্বে আসতে হবে।
নারীদের উদ্দেশে তিনি বলেন, টেকসই উন্নয়ন ও প্রকৃত পরিবর্তনের জন্য নারীদের সব ক্ষেত্রে সমান অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। নারীদের আরও শক্তিশালী হয়ে নেতৃত্বে এগিয়ে আসতে হবে। আমরা সবাই এক—এ বিষয়ে কোনো দ্বিধা বা বিভেদ রাখা যাবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্যাপ্টেন আতাউর রহমান এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু।
এছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, রোকনউদ্দিন মাহমুদ, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া, বাবু প্রীতম বড়ুয়া ডালিম, সুনীল চাকমা, বিপুল চাকমা, আলো চাকমা, শুকরজিৎ চাকমা, রবি চাকমা, জীবন চাকমা, বিদ্যাশয় চাকমা, সমুনি চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।