শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৮ জানুয়ারি ২০২৬

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

এক গৃহবধূর মৃত্যু, হাজার প্রশ্ন— কে দায়ী এই বিষাক্ত পরিণতির?

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত্যুর আগে হাসপাতালের শয্যায় শুয়ে ওই নারী অভিযোগ করেন—তাকে জোরপূর্বক বিষ খাওয়ানো হয়েছে। সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সাতকানিয়ায় জমির টপসয়েল কাটায় এস্কেভেটর বিকল করল যৌথবাহিনী

ভাইরাল ভিডিওতে ওই গৃহবধূকে বলতে শোনা যায়, “আল্লাহর কসম, আমার শাশুড়ি আমাকে বিষ খাইয়ে দিয়েছে।

আমার স্বামীকে জিজ্ঞেস করলে সে বলবে—আমি বিষ দিইনি, কিন্তু বিষ খাওয়ানো হয়েছে।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে স্বামী মোহাম্মদ ইউসুফকে নগরী থেকে আটক করে।

পরে রোববার ভোরে তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

নিহত গৃহবধূ আমেনা বেগম (২৪) লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মীর পাড়া এলাকার বাসিন্দা শফিক আহমেদের মেয়ে।

তার স্বামী মোহাম্মদ ইউসুফ সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাহাদির পাড়া এলাকার হাজী বক্করের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বাহাদির পাড়া এলাকায় আমেনা বিষপান করেন বলে অভিযোগ ওঠে। অসুস্থ অবস্থায় প্রথমে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরদিন শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমেনার পরিবার জানায়, ২০২২ সালের ৫ আগস্ট ইউসুফের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের বড় ভাই মোহাম্মদ ফোরকান অভিযোগ করে বলেন, মৃত্যুর আগের দিন তার বোন ফোন করে জানায়—শ্বশুরবাড়িতে তার জীবন হুমকির মুখে। তাকে দ্রুত নিয়ে যেতে অনুরোধও করে। পরে রাতেই স্বামী ফোন করে বিষপানের খবর দেয়।

ফোরকানের দাবি, আমেনাকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে এবং এতে স্বামী, শাশুড়ি ও শ্বশুর জড়িত। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ ইউসুফ বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সাজানো। তার দাবি, আমেনার আত্মীয়রা জোর করে ওই ভিডিও ধারণ করিয়েছে। তিনি জানান, তাদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল এবং একাধিকবার সালিশ-বিচারও হয়েছে। ঘটনার দিন তিনি একটি মাহফিলে গেলে পরে স্ত্রী অসুস্থ হওয়ার খবর পান।

দ্রুত বাড়ি ফিরে তাকে হাসপাতালে নেন। তার ভাষ্য অনুযায়ী, পরিবারের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয় এবং আমেনা নিজেই বিষ পান করেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, বিষপানে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।

বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত ও অন্যান্য আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।