রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৯ জানুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বাংলাদেশ সীমান্তে বেড়া—মমতার অসহযোগিতার অভিযোগ মোদির

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ইচ্ছাকৃতভাবে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, ভূমি অধিগ্রহণে রাজ্য সরকারের অনীহার কারণে সীমান্ত সুরক্ষার গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

রোববার (১৮ জানুয়ারি) ২০০৬ সালের কৃষক আন্দোলনের স্মৃতিবিজড়িত সিঙ্গুরে এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাংকের রাজনীতির স্বার্থে সীমান্ত নিরাপত্তাকে অবহেলা করছেন। তার অভিযোগ, অনুপ্রবেশকারীদের অবাধ প্রবেশ নিশ্চিত করতেই রাজ্য সরকার সীমান্তে বেড়া দেওয়ার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে।

দ্য স্টেটসম্যানের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মোদি আরও বলেন, তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে বাধা দিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। বিজেপির সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে রাজ্যের মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলছে বর্তমান সরকার।

ভাষণে ‘মৎস্যজীবী যোজনা’-র উদাহরণ টেনে মোদি বলেন, দেশের অন্যান্য রাজ্যে মৎস্যজীবীদের নাম নথিভুক্ত হলেও পশ্চিমবঙ্গে তা আটকে রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, এ বিষয়ে একাধিকবার রাজ্য সরকারকে চিঠি পাঠালেও মুখ্যমন্ত্রী সেগুলো পড়েন না।

সিঙ্গুরের জনসভা থেকে মোদি ঘোষণা দেন, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে ‘এক জেলা এক পণ্য’ (ওডিওপি) নীতি চালু করা হবে। তার মতে, প্রতিটি জেলার নিজস্ব সম্ভাবনা কাজে লাগিয়ে রাজ্যের অর্থনৈতিক পুনর্জাগরণ সম্ভব।

একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কড়া সমালোচনা করে মোদি বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গে ‘মাফিয়া রাজ’ ও ‘সিন্ডিকেট রাজত্ব’ চলছে। নতুন বিনিয়োগ আনতে হলে স্থিতিশীল আইনশৃঙ্খলা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

জনসভায় ‘গ্যারান্টি’ দিয়ে মোদি বলেন, বিজেপি ক্ষমতায় এলে সিন্ডিকেট ট্যাক্স প্রথা চিরতরে বন্ধ করা হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং নারী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

সূত্র : দ্য স্টেটসম্যান