সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২০ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

যাত্রী সেজে চালককে কুপিয়ে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা—মিরসরাইয়ে আটক ১

সাকিব চৌধুরী, মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রী সেজে সিএনজি অটোরিকশা চালককে কুপিয়ে গাড়ি ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালকদের সাহসিকতায় ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

সোমবার রাতে মিরসরাই উপজেলার সোনা পাহাড় বিশ্বরোড এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোনা পাহাড় বিশ্বরোড থেকে টেকেরহাট যাওয়ার উদ্দেশ্যে ৫০০ টাকার বিনিময়ে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে পাঁচজন যাত্রী। পথে নির্জন এলাকায় পৌঁছালে তারা চালক লিমনের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে চালকের হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা।

আহত চালক লিমন কোনোভাবে বিষয়টি আশপাশের অন্য সিএনজি চালকদের জানাতে সক্ষম হন। এরপর স্থানীয় সিএনজি চালকরা মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের পিছু নেন। দীর্ঘ ধাওয়ার পর মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন শেখেরতালুক সড়কের মাথায় সিএনজিটির গতিরোধ করতে সক্ষম হন তারা।

এ সময় চারজন ছিনতাইকারী পালিয়ে গেলেও নুর ইসলাম নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। আটক নুর ইসলাম খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। পরে উত্তেজিত জনতা তাকে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। ছিনতাইয়ের শিকার সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে এবং আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।