সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২০ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বাবা ডাক শোনার আগেই প্রাণ গেল—মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: মিরসরাইয়ে মোটরসাইকেলকে লরির ধাক্কায় হুমায়ুন কবির (৩০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির মিরসরাই সদর ইউনিয়নের (৯ নম্বর) ৪ নম্বর ওয়ার্ডের নতুন বাড়ির বাসিন্দা। তিনি পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন। তার বাবা বদিউল আলম পেশায় একজন সিএনজি চালক। হুমায়ুন কবিরের এক মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

নিহতের বন্ধু আকাশ ভুঁইয়া জানান, হুমায়ুন কবির প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে মিঠাছড়া বাজারে যাচ্ছিলেন। বাড়ির রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, অল্প বয়স থেকেই হুমায়ুন সবজি ব্যবসার মাধ্যমে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন। মাত্র এক মাস আগে তার ছেলে জন্ম নেয়। বাবা ডাক শোনার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। মঙ্গলবার সকাল ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।