সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২২ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

প্রতিশ্রুতি একদিকে, ঋণখেলাপিদের মনোনয়ন অন্যদিকে—নাহিদের অভিযোগ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ড’ ও বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বস্তিবাসী ফ্ল্যাট চায় না, তারা চায় নিরাপদ জীবন। তিনি বলেন, বস্তিতে থেকেও নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব, কিন্তু অতীতে যারা বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার কথা বলেছেন, তারাই নির্বাচনের পর উচ্ছেদে নেমেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকার মিরপুর ১০-এ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বস্তিবাসীরা এখন আর মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে না। তারা জানে, ফ্ল্যাটের প্রতিশ্রুতি অনেক সময় উচ্ছেদের হাতিয়ার হয়ে ওঠে। তিনি বলেন, “বস্তিবাসী ফ্ল্যাটের আশায় নয়, দেশের স্বার্থে এবং ন্যায়ের পক্ষে ভোট দেবে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হিসেবেও নির্বাচন করছেন।

এদিন বিকেল ৫টার দিকে সমাবেশে বক্তব্য শুরু হওয়ার আগে নাহিদ ইসলাম বক্তব্য দেন এবং জামায়াত আমিরকে ‘১০ দলীয় জোটের প্রধান কাণ্ডারি’ হিসেবে উল্লেখ করেন। তিনি শফিকুর রহমানকে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সেনানি’ এবং ‘কারা নির্যাতিত মজলুম নেতা’ বলেও আখ্যায়িত করেন।

সমাবেশে একপর্যায়ে জামায়াত আমির শফিকুর রহমান তার দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন নাহিদ ইসলামের হাতে। এ সময় তিনি বলেন, “আমি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি, এতে কলিও আছে।” নাহিদ ইসলাম হাসিমুখে প্রতীকটি গ্রহণ করে মঞ্চে নিজের আসনে ফিরে যান। এরপর আরও কয়েকজনের হাতে দলীয় প্রতীক তুলে দেন জামায়াত আমির।

এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকার মহাখালী টিঅ্যান্ডটি কলোনির মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি নিজের নির্বাচনি আসন ঢাকা-১৭-এর জন্য কড়াইল বস্তিবাসীর কাছে দোয়া চান এবং তাদের জীবনমান উন্নয়নে ফ্ল্যাট ও ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ রহম করলে আপনারা এখানে যে কষ্টের মধ্যে আছেন, সেই কষ্ট ধীরে ধীরে লাঘব করব। এখানে উঁচু উঁচু ভবন করে দিতে চাই এবং যারা এখানে থাকেন, তাদের নাম রেজিস্ট্রি করে প্রত্যেককে ফ্ল্যাট দিতে চাই।” তিনি আরও বলেন, সারাদেশের মা-বোনদের স্বচ্ছল জীবন নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ দেওয়ার কথাও উল্লেখ করেন।

এই বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি যে দুই থেকে তিন হাজার টাকার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, তা কারা পাবে—সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। তিনি প্রশ্ন তোলেন, “যাদের সত্যিকার প্রয়োজন, তারা কি এই কার্ড পাবে, নাকি কার্ড পেতে এক হাজার টাকা ঘুষ দিতে হবে?” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একদিকে বিএনপি এসব প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিচ্ছে। নাহিদের ভাষ্য অনুযায়ী, এসব ব্যক্তিরাই ক্ষমতায় গিয়ে আবার লুটপাটে জড়াবে।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে কোনো পরিকল্পনাই কাজে আসবে না। তিনি নির্বাচন কমিশনকে স্বচ্ছ ও নিরপেক্ষ থাকার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসাইন, ঢাকা-১৪ আসনের প্রার্থী মীর আহমদ বিন কাশেম, ঢাকা-১৬ আসনের প্রার্থী আব্দুল বাতেন এবং ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।