রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৮ জানুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চার দিন ধরে শীর্ষে ঢাকা—বায়ুদূষণ পৌঁছেছে ‘দুর্যোগপূর্ণ’ মাত্রায়

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিশ্বের দূষিত নগরীগুলোর তালিকায় আজও শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। টানা চার দিন ধরে বায়ুদূষণে প্রথম অবস্থানে আছে শহরটি।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া আটটার দিকে ঢাকার বায়ুর মান ছিল ২৭৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই সময় মিসরের রাজধানী কায়রোর বায়ুর মানও ছিল সমান। তবে ঢাকার অন্তত চারটি স্থানে বায়ুর মান ৩০০ ছাড়িয়ে গেছে, যা দূষণের সর্বোচ্চ ও ‘দুর্যোগপূর্ণ’ স্তর।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার জানিয়েছে, তিন সপ্তাহ ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন শহর বিশ্বের দূষিত নগরীগুলোর শীর্ষ তালিকায় রয়েছে। আজকের পরিস্থিতি বিবেচনায় সংস্থাটি নগরবাসীর জন্য সতর্কতামূলক পরামর্শও দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই মাত্রার বায়ুদূষণে নগরবাসীর মধ্যে শ্বাসকষ্ট, মাথাব্যথা ও শ্বাসতন্ত্রজনিত রোগের প্রকোপ বেড়েছে। আগের তুলনায় এসব সমস্যা এখন বেশি অনুভূত হচ্ছে।

পরিবেশবিদ অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, সাম্প্রতিক সময়ে অনেক মানুষ অস্বাভাবিক মাথাব্যথা ও শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছেন। তাঁদের ধারণা, এর পেছনে বায়ুদূষণ বড় কারণ। পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

আজ সকালে ঢাকার আটটি স্থানে বায়ুর মান ছিল অত্যন্ত খারাপ। এর মধ্যে রয়েছে—
নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৪৫৯), ধানমন্ডি (৩৬৪), দক্ষিণ পল্লবী (৩৩৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (৩০৪), বে’জ এইজ ওয়াটার (২৮৬), বেচারাম দেউড়ী (২৭৪), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৫২) ও গোড়ান (২২৬)।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে নেওয়া উদ্যোগগুলো মূলত ঢাকাকেন্দ্রিক হলেও সেগুলোর কার্যকারিতা তেমন নেই। বরং সাম্প্রতিক সময়ে ঢাকার বাইরের অনেক এলাকাতেও দূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে।

বায়ুদূষণের মাত্রা ২০০ ছাড়ালে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ ছাড়ালে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। এই অবস্থায় অরক্ষিতভাবে বাইরে থাকলে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।