রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৮ জানুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নির্বাচন ঘিরে স্পষ্ট বার্তা যুক্তরাষ্ট্রের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক পক্ষের অবস্থান নেবে না। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র সরকার কোনো পক্ষ নয়। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের। জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, তিনি এই নির্বাচনকে ঘিরে অত্যন্ত আগ্রহী এবং ফলাফল দেখার জন্য অপেক্ষায় রয়েছেন।

তিনি আরও বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি জানতে পেরেছেন, সরকার আশা করছে নির্বাচনের দিনটি হবে উৎসবমুখর। আমিও আশা করি এটি একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন হবে, যেখানে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবেন।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে সন্তোষ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সিইসি যে তথ্যগুলো তার সঙ্গে শেয়ার করেছেন, তাতে তিনি অত্যন্ত সন্তুষ্ট। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি। একই সঙ্গে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রতি শুভকামনা জানান।