সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৮ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

তারেক রহমানকে ঘিরেই মানুষের আশা—মির্জা ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ নতুন আশার আলো দেখছে। তিনি বলেন, যেখানে তারেক রহমান যাচ্ছেন, সেখানেই মানুষের ঢল নামছে—কারণ মানুষ তার মধ্যে নতুন নেতৃত্বের প্রতিফলন দেখছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। মানুষ তার মধ্যে আশা খুঁজে পাচ্ছে। তিনি মানুষের জন্য ভালো কিছু করার কথা বলছেন বলেই লাখ লাখ মানুষ তার সমাবেশে অংশ নিচ্ছে।’

নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, তারেক রহমান ক্ষমতায় এলে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যাতে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা যায়। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে, যাতে তারা ন্যায্যমূল্যে সার ও বীজ কিনতে পারেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ভালো স্কুলের ব্যবস্থা করা হবে এবং হাসপাতালে মানসম্মত চিকিৎসা ও সস্তায় ওষুধ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

মির্জা ফখরুল আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা, আমরা দেশে শান্তি ফিরিয়ে আনতে চাই। যারা ভালো কাজ করতে চায়, মানুষ তাদেরই বিজয়ী করবে।’

নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো দুর্নীতির সঙ্গে জড়াননি। ‘আমি ১৯৯১ সাল থেকে আপনাদের সঙ্গে রাজনীতি করছি। জোর দিয়ে বলতে পারি, কারও কাছ থেকে এক টাকাও নেইনি, চা পর্যন্ত খাইনি।’

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, রাজনীতি করে তিনি কোনো সম্পদ গড়েননি; বরং বাবার সম্পত্তি এবং ঠাকুরগাঁও শহরের বসতবাড়ির একটি অংশ বিক্রি করে রাজনীতি চালিয়েছেন। এ নির্বাচনকে নিজের শেষ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, বয়স ও শারীরিক অবস্থার কারণে ভবিষ্যতে আর নির্বাচন করতে পারবেন না বলে মনে করছেন। তাই জনগণের কাছে শেষবারের মতো সমর্থন চান তিনি।

প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে নৌকা নেই, তবে দাঁড়িপাল্লা নামের একটি নতুন প্রতীক রয়েছে, যা মানুষ চেনে না। ‘আমি আপনাদের পরিচিত, কখনো আপনাদের ছেড়ে যাইনি—এ জন্য আমাকে সমর্থন দিন,’ বলেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। পুলিশ ও প্রশাসনের কারণে মানুষ ভোট দিতে পারেনি। বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এখন অন্তত একটু শান্তিতে ঘুমাতে পারছি। ধানখেতে রাত কাটাতে হচ্ছে না, মিথ্যা মামলার আতঙ্কও অনেকটা কমেছে।’