রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৮ জানুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নারীদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিগার সুলতানাদের পাঁচের পাঁচ জয়

ক্রীড়া প্রতিবেদক:: আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের মেয়েরা অপ্রতিরোধ্য। আজ (২৮ জানুয়ারি) থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বাংলাদেশ টানা পঞ্চম জয় নিশ্চিত করেছে। এই জয়ের পর বিকেলে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারে বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে। বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডসও।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। এটি নারী টি-টুয়েন্টিতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে থাইল্যান্ড ১২৬ রানে অলআউট হয়।

বাংলাদেশের ইনিংসের শুরুতে ধাক্কা খেতে হয়—প্রথম বলেই আউট হন ওপেনার দিলারা আক্তার, দ্রুত ফেরেন শারমিনও। তবে জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি হাল ধরেন। এই জুটির ৮২ বলে ১১০ রানের অংশীদারিত্বই বড় সংগ্রহ গড়ে দেয়। জুয়াইরিয়া ৪৫ বলে ৫৬ রান করেন, ৪ ছক্কা হাঁকিয়ে নারী টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার যৌথ রেকর্ড গড়ে দেন। অন্য প্রান্তে সোবহানা ৪২ বলে ৫৯ রান করে ম্যাচসেরা হন। শেষ দিকে রিতু মনির ৬ বলে ১৫ রান ইনিংসটা সমৃদ্ধ করে।

বল হাতে মারুফা আক্তার প্রথম বলেই থাই ওপেনারকে আউট করেন। শেষ পর্যন্ত মারুফা ৩ উইকেট, রিতু ও স্বর্ণা ২টি করে উইকেট নেন। ২০ ওভারে থাইল্যান্ড সংগ্রহ করে ১২৬ রান, বাংলাদেশ ৩৯ রানে জয়ী হয়।

সুপার সিক্সে বাংলাদেশের অবস্থান এখন সবার উপরে—৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট। এই রাউন্ডে গ্রুপ পর্বের জয়গুলোও যোগ হওয়ায় বাংলাদেশের রানরেট ১.১৫০। সুপার সিক্সের সেরা চারটি দল জুন–জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৬৫/৮ (জুয়াইরিয়া ৫৬, সোবহানা ৫৯, রিতু ১৫; শারমিন ১১)

থাইল্যান্ড: ২০ ওভারে ১২৬/৮ (চ্যান্থাম ৪৬, চাইউই ৩০, কোনচারোয়নকাই ২৯)

ফলাফল: বাংলাদেশ ৩৯ রানে জয়ী

ম্যাচসেরা: সোবহানা মোস্তারি