শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় নামাজরত অবস্থায় পুত্রবধূ ছেনুয়ারা বেগম (২১) তার শাশুড়ি মনোয়ারা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় পুত্রবধূকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়া, নতুন মসজিদের উত্তর পাশে গুচ্ছ গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রায় পাঁচ দিন আগে পুত্রবধূ ছেনুয়ারা ও তার শাশুড়ির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির ঘটনা ঘটে। ক্ষুব্ধ হয়ে ছেনুয়ারা কিছুদিন পুত্রের বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান। বৃহস্পতিবার তিনি স্বামীর বাড়িতে ফিরে আসেন এবং পরিবারের সঙ্গে স্বাভাবিক আচরণ শুরু করেন।
আজ দুপুর আনুমানিক ৩টার সময়, তার স্বামী মোঃ ইদ্রিস (পেশায় জেলে) সাগরে মাছ ধরতে যাওয়ার সময় সুযোগ নিয়ে ছেনুয়ারা বেগম নামাজরত অবস্থায় তার শাশুড়ির গলায় ধারালো দা দিয়ে কোপ দেন। গুরুতর আহত মনোয়ারা বেগমকে দ্রুত শামলাপুর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ছেনুয়ারা দাটি ঘরের চালের ওপর ফেলে পালানোর চেষ্টা করেন, কিন্তু স্থানীয় লোকজন তাকে আটক করে। প্রথমে তিনি ঘটনার বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের অফিসার এসআই ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানিয়েছেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামি ছেনুয়ারা বেগমকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।