সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ‘ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।’
এর আগে গত ৪ জানুয়ারি এলপিজির সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।
এর আগে ৪ জানুয়ারির সমন্বয়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
এলপিজি ও অটোগ্যাসের দাম বৃদ্ধিতে ভোক্তা পর্যায়ে নতুন করে চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।