সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৬ ফেব্রুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর—ইশতেহারে বিএনপির অঙ্গীকার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে কোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না—এমন বিধান প্রবর্তনের প্রস্তাব সর্বপ্রথম বিএনপিই জাতির সামনে তুলে ধরেছিল। এই প্রস্তাব বিএনপির ৩১ দফার মধ্যেই অন্তর্ভুক্ত ছিল এবং তা নথিভুক্ত রয়েছে। ফলে এ উদ্যোগের কৃতিত্ব বিএনপিই পেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, “আমরা অনেক আগেই ৩১ দফার মাধ্যমে প্রস্তাব দিয়েছিলাম—যিনি প্রধানমন্ত্রী হবেন, তার পদের মেয়াদ ১০ বছরের বেশি হবে না। পরবর্তীতে বিভিন্ন দল সরকার গঠিত রিফর্ম কমিশনের সঙ্গে আলোচনা করেছে। কিন্তু এই প্রস্তাবটি প্রথম বিএনপিই দিয়েছিল। এটি ডকুমেন্টেড।”

সরকার গঠন হলে আইন প্রণয়নের আশ্বাস

তারেক রহমান বলেন, “ইনশাআল্লাহ, আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে দেশের প্রচলিত আইনের মধ্যেই এমন বিধান প্রবর্তন করব, যাতে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।”

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের ইঙ্গিত

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে সাংবিধানিক সংস্কার প্রয়োজন। এ ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্ক রয়েছে।

তারেক রহমান বলেন, “৩১ দফা ঘোষণার সময়ই আমরা বলেছিলাম, সংবিধানের ৭০ অনুচ্ছেদকে পর্যায়ক্রমে একটি যৌক্তিক অবস্থানে নিয়ে যেতে চাই। দুই-একটি বিষয় ছাড়া ধীরে ধীরে এটি উন্মুক্ত করার পক্ষে আমরা।”

নিরপেক্ষ নির্বাচন ও ভোটাধিকার নিশ্চিত করার অঙ্গীকার

বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হলে ভোটাধিকার ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা ছাড়া বিকল্প নেই। তবে সে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে এবং এমন একটি ব্যবস্থার মাধ্যমে হতে হবে, যার ওপর দেশের মানুষের পূর্ণ আস্থা থাকবে।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষের মনে করার যথেষ্ট কারণ আছে যে, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা একমাত্র অরাজনৈতিক সরকার—অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারই দিতে পারে।”

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা

তারেক রহমান জানান, এ কারণেই বিএনপির ৩১ দফায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, “স্বৈরাচারী শাসনের সময়, আজ থেকে প্রায় আড়াই বছর আগে যখন আমরা ৩১ দফা উপস্থাপন করি, তখনই পরিষ্কার করে বলেছিলাম—বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এবং সংসদে প্রয়োজনীয় শক্তি থাকলে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।”

তিনি আরও বলেন, পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল ও বর্তমান সরকারের সংস্কার কমিশনেও এ বিষয়টি আলোচনায় এসেছে। দলের একজন সদস্য হিসেবে এই প্রস্তাব প্রথম উত্থাপনের কৃতিত্ব বিএনপি নিতে চায় বলেও উল্লেখ করেন তিনি।