রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১১ ফেব্রুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“জয়-পরাজয় মেনে নিন”—ভোটের আগের রাতে সিইসির বার্তা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ফলই আসুক, তা মেনে নেওয়ার জন্য রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের আগের সন্ধ্যায় দেওয়া ভাষণে সিইসি বলেন, “আগামীকাল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শহীদদের। আরো স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি।”

তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন।

সিইসি বলেন, ভোটদান শুধু নাগরিক অধিকার নয়, বরং দায়িত্বও। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

“ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিক বিষয়। জয়-পরাজয় মেনে নেওয়ার মধ্য দিয়েই গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা পায়,”—বলেন নাসির উদ্দিন।

ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক ও সেবাদানকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, “ব্যক্তিগত কষ্ট-ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন।”

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ের বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বানও জানান তিনি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করে ভাষণ শেষ করেন সিইসি।

এদিকে নির্বাচনের বাজারে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলেছে ইসলামী আন্দোলন। দলটির পক্ষ থেকে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার দাবি জানানো হয়েছে।

দেশের ২৯৯টি সংসদীয় আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রাখা হয়েছে; পরে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।