বৃহস্পতিবার
১২ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান বলেন, “আজ আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছিলাম। আলহামদুলিল্লাহ, আজ সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।”
তিনি জানান, সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। “আমি সকালেই সারা দেশের খবর নিয়েছি। আমার কাছে যে তথ্য এসেছে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে,”—বলেন তিনি।
সেনাপ্রধান ভোটারদের উদ্দেশে বলেন, “আমি সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং ভোট দেবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।”
তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “মিডিয়ার যারা ভোট দিতে পারেননি, তারাও খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আপনারা সারাদেশের খবর জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হচ্ছে; শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে।
এ নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।