শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীসহ সবার প্রতি কঠোর বার্তা দিয়ে বলেছেন, যে কোনো মূল্যে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর গ্র্যান্ড বলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দল-মত, ধর্ম-বর্ণ কিংবা ভিন্নমত যাই হোক না কেন—কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। ন্যায়পরায়ণতাই হবে আমাদের আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে।
তিনি আরও বলেন, সরকারি দল কিংবা বিরোধী দল—সবাই আইনের চোখে সমান। প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে এবং বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী আইনের প্রয়োগ নিশ্চিত করা হবে।
নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোথাও ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছি, সেভাবেই দুর্নীতি দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রায় ভিন্ন দল ও ভিন্নমতের সবার সহযোগিতা প্রত্যাশা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদসহ অন্যরা।
এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদিন, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম, হুমায়ুন কবির ও মাহদী আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।