রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৪ ফেব্রুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

গণভোটের পর স্পষ্ট নির্দেশনা—দুটি শপথ নেবেন এমপিরা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে গণভোটে বেশিরভাগ ভোটারের সম্মতি পাওয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ নিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি-তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ ২০২৫-এ সুস্পষ্টভাবে বলা হয়েছে—জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দিয়েই গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ। ফলে সংসদ সদস্যদের একটি শপথ নিতে হবে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি শপথ নিতে হবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে।

সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানান, সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ আদেশ অনুযায়ী ১৮০ দিন নির্ধারিত। নোট অব ডিসেন্টসহ যেসব বিষয়ে জনরায় এসেছে, সেগুলো বাস্তবায়নের দায়িত্ব সংখ্যাগরিষ্ঠ দলসহ সংসদের সব সদস্যের।

তিনি বলেন, যেসব রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্ব করছে, তাদের সবারই দায়িত্ব জনরায়ের দুই দিক—সংসদ নির্বাচন ও গণভোট—সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা।

উচ্চকক্ষ গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ইশতেহারে আসন অনুপাতে উচ্চকক্ষ গঠনের কথা বলেছে—এটি দলটির রাজনৈতিক অবস্থান। তবে গণভোটে উচ্চকক্ষের প্রশ্নে যে জনরায় এসেছে, তা ভিন্ন। সেক্ষেত্রে আলোচনা ও সমঝোতার মধ্য দিয়েই সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে বড় সংস্কারের ক্ষেত্রে বিএনপি অতীতেও অগ্রণী ভূমিকা রেখেছে। ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর নেতৃত্বে সংবিধান সংশোধনের মাধ্যমে জনসম্মতি নেওয়া হয়েছিল।

সংসদ নির্বাচনে ভোটের হারের তুলনায় গণভোটে ভোটের হার বেশি হওয়া প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, এতে কোনো গোলমাল দেখছেন না তারা। সব আসনের ফল প্রকাশিত হলে দুই ভোটের হার কাছাকাছি হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ পর্যন্ত ঘোষিত ২৯৭টি আসনের ফলে সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে গণভোটে ভোট দিয়েছেন ৬১ দশমিক ০৩ শতাংশ ভোটার। তিনি বলেন, ব্যবধান মাত্র প্রায় ২ শতাংশ—যা অস্বাভাবিক নয়।

চট্টগ্রামের দুটি আসনের ফল আদালতের নির্দেশনায় পরে প্রকাশ হবে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট নতুন তফসিলে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং প্রেস সচিব শফিকুল আলম।