মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: চলতি বছরের প্রথম বলয়াকার সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। আকাশপ্রেমীদের কাছে ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি বিশ্বজুড়ে আগ্রহের সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল ৭টা ১ মিনিটে এবং এর সর্বোচ্চ স্থায়িত্বকাল হতে পারে ২ মিনিট ২০ সেকেন্ড।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। তবে এ সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না।
এবারের বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কিছু অংশ থেকে। বিশেষ করে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এটি পর্যবেক্ষণ করা যাবে।
আইএসপিআর জানায়, অ্যান্টার্কটিকায় চিলির ইয়েলচো গবেষণা ঘাঁটি থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ মহাসাগরে স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টা ৩৮ মিনিট ৩১ সেকেন্ডে গ্রহণ শুরু হবে। অন্যদিকে মরিশাস-এর ভিংট-সিনক দ্বীপ থেকে দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসাগরে স্থানীয় সময় ৬টা ২৪ মিনিট ৩৯ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করলেও পৃথিবী থেকে চাঁদের আপাত আকার সূর্যের চেয়ে কিছুটা ছোট দেখায়। ফলে সূর্যের চারপাশে আগুনের বলয়ের মতো আলোকচ্ছটা দৃশ্যমান হয়—যা ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, খালি চোখে সূর্যগ্রহণ দেখা বিপজ্জনক। গ্রহণ পর্যবেক্ষণের ক্ষেত্রে বিশেষ সোলার ফিল্টার বা গ্রহণ চশমা ব্যবহার করা উচিত।