বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: “মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই”— দায়িত্ব নিয়েই শক্ত বার্তা দিলেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, “দাবি আদায়ের নামে আর কোনো মব কালচার চলবে না। বাংলাদেশে মব কালচার—শেষ।”
মন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিনি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে চান। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে কাজ করতে হবে, কোনো ধরনের অবৈধ তদবির বরদাশত করা হবে না।
সালাহউদ্দিন আহমদ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিভিন্ন বাহিনীর কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন—
যৌক্তিক দাবিতে মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দেওয়া যাবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, তা পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য।”
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন। এতে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে নবনিযুক্ত মন্ত্রী ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার গ্রহণ করেন।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলায়—এই ঘোষণাকে দেখা হচ্ছে কঠোর অবস্থানের স্পষ্ট ইঙ্গিত হিসেবে।