বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের কাছে লেখা চিঠি প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ভেরিফায়েড এক্স হ্যান্ডেল।
পররাষ্ট্র মন্ত্রণালয় ক্যাপশনে জানিয়েছে, ট্রাম্প পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির ইচ্ছা প্রকাশ করেছেন।
চিঠিতে ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণের পক্ষ থেকে আপনাকে আপনার ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার মেয়াদ সফল হোক।’
তিনি আরও উল্লেখ করেন, ‘আমাদের দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে চাই, যেখানে শক্তিশালী ও সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারে।’ ট্রাম্প আশা প্রকাশ করেন, বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্কের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও শক্তিশালী হবে।
চিঠির শেষে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘আগামী দিনগুলোর জন্য আপনার প্রতি শুভকামনা রইল।’