বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতিসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় অবস্থিত কাচ্চি ডাইন নামের একটি রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের সময় রেস্টুরেন্টটির রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। সেখানে তেলাপোকা ও ইঁদুরের উৎপাত ছিল। রান্নাঘরের মেঝেও ছিল স্যাঁতসেঁতে, যা মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য প্রস্তুতের ইঙ্গিত দেয়।
এছাড়া ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং তাদের তৈরি ‘মাওয়া’ নামের খাদ্যপণ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেল ব্যবহার করার মতো অনিয়মও ধরা পড়ে।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট।