শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রমজান মাস আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। এই পবিত্র সময়ে রোজা পালন অবস্থায় দৈনন্দিন নানা বিষয় নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগে। বিশেষ করে দিনের বেলায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কি না—এ নিয়ে অনেকের দ্বিধা রয়েছে। শরিয়তের আলোকে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হলো।
রোজা রেখে দিনের বেলায় টুথপাউডার, টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা মাকরুহ। কারণ এসব উপাদানে স্বাদ থাকে—মিষ্টি, তিতা বা ঝাঁঝালো। রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে স্বাদ গ্রহণ করা শরিয়তের দৃষ্টিতে অনুচিত।
তবে ব্রাশ করার সময় যদি টুথপেস্ট বা মাজনের কোনো অংশ গলার ভেতরে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। তাই রোজা অবস্থায় এসব ব্যবহার করতে হলে অত্যন্ত সতর্ক থাকতে হবে।
এ কারণে রমজানে দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার না করে বিকল্প হিসেবে মেসওয়াক ব্যবহার করা উত্তম। মেসওয়াক ব্যবহারে রোজার কোনো ক্ষতি হয় না।
হাদিসে মেসওয়াকের গুরুত্ব এসেছে এভাবে—
السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ
“মেসওয়াক মুখের পবিত্রতা অর্জনের মাধ্যম এবং আল্লাহর সন্তুষ্টির কারণ।” — সহিহ বুখারি (হাদিস: ৮৮৭)
ফিকহের কিতাবেও উল্লেখ আছে—
“রোজাদারের জন্য স্বাদযুক্ত বস্তু ব্যবহার করা মাকরুহ; আর তা গলায় প্রবেশ করলে রোজা নষ্ট হয়ে যায়।” — আল-বাহরুর রায়েক (খণ্ড ২, পৃষ্ঠা ২৭৯)
রোজা অবস্থায় মুখের পরিচ্ছন্নতা বজায় রাখা গুরুত্বপূর্ণ, তবে শরিয়তের বিধান মেনে চলা আরও বেশি জরুরি। তাই দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার না করে মেসওয়াক ব্যবহার করাই নিরাপদ ও উত্তম। আর যদি টুথপেস্ট ব্যবহার করতেই হয়, তাহলে যেন কোনোভাবেই তা গলার ভেতরে না যায়—সেদিকে বিশেষ সতর্ক থাকতে হবে। সচেতনভাবে আমল করলে রোজার পবিত্রতা অক্ষুণ্ন রাখা সম্ভব।