সোমবার
০২ মার্চ ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে দীর্ঘ প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকরা।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১ মার্চ) দিনগত রাত থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু হয়। ভোরে সংস্কার শেষ হলেও ঢালাই জমাট বাঁধার জন্য অংশটি ঢেকে রাখা হয়েছে।
কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এর ফলে যানজট সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।
যাত্রী আফরোজা খানম বলেন, পরিবার নিয়ে ঢাকার উদ্দেশে তিন ঘণ্টা আগে রওয়ানা দিলেও এখনো লাঙ্গলবন্দ সেতু পার হতে পারেননি। ১০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে তিন ঘণ্টা।
ঢাকাগামী বাসচালক আলাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সেতুর কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত থাকায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। দ্রুত সংস্কারকাজ শেষ হলে তাঁদের জন্য সুবিধা হবে।
প্রাইভেটকারচালক নজরুল ইসলাম বলেন, সেতুটি এমনিতেই ঝুঁকিপূর্ণ ও ধীরগতির। দ্রুত সময়ের মধ্যে নতুন আরেকটি সেতু নির্মাণ জরুরি।
কাচপুর হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির জিলানী জানান, সংস্কারকাজ রাতেই শেষ হয়েছে। ঢালাই জমাট বাঁধার কারণে একপাশের লেন বন্ধ রাখা হয়েছে। যানবাহন ধীরগতিতে চললেও বড় ধরনের যানজট এড়াতে হাইওয়ে পুলিশ কাজ করছে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, আজ রাত ১২টার পর থেকে বন্ধ লেনটি খুলে দেওয়া হবে। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য নতুন আরেকটি সেতু নির্মাণের নকশা চূড়ান্ত হয়েছে।