মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন সেনাদের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় সকালে কুয়েতের একটি বেসামরিক বন্দরে স্থাপিত অস্থায়ী সামরিক অভিযান কেন্দ্রে সরাসরি আঘাত হানে ইরান। এতে ছয়জন মার্কিন সেনা নিহত হন।
ঘটনার বিষয়ে অবগত এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, হামলাটি কুয়েতের স্থানীয় সময় সকাল ৯টার কিছুক্ষণ পর ঘটে। ভবনটির কেন্দ্রে সরাসরি আঘাত হানে একটি প্রক্ষেপণাস্ত্র। সেখানে তিনটি ট্রেলার ইউনিট একত্র করে বড় একটি অস্থায়ী কর্মক্ষেত্র তৈরি করা হয়েছিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড) সোমবার এক ঘোষণায় জানায়, কুয়েতের শুইবা বন্দরে হামলায় নিহত সেনার সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আরও দুই সেনার মরদেহ উদ্ধারের পর এ তথ্য নিশ্চিত করা হয়।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, একটি ‘সুরক্ষিত কৌশলগত অভিযান কেন্দ্র’-এ হামলার ঘটনায় সেনারা নিহত হন। কেন্দ্রটি সুরক্ষিত থাকা সত্ত্বেও একটি প্রক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সেখানে আঘাত হানে।
প্রাথমিকভাবে এটি সন্দেহভাজন ড্রোন হামলা বলে জানানো হয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, হামলার সময় কোনো সাইরেন বা সতর্কসংকেত দেওয়া হয়নি। ফলে সেনারা সরে যাওয়ার বা বাঙ্কারে আশ্রয় নেওয়ার সুযোগ পাননি।
হামলার কয়েক ঘণ্টা পরও ভবনের বিভিন্ন অংশে আগুন জ্বলছিল। বিস্ফোরণে অস্থায়ীভাবে নির্মিত কেন্দ্রটির দেয়াল বাইরের দিকে উড়ে যায় এবং কাঠামোর বেশিরভাগ অংশ কালো হয়ে যায়। কিছু অংশ মূল ভবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রোববার সকালে তোলা স্যাটেলাইট ছবিতে বন্দরের একটি ভবনে আগুন এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
প্রাথমিকভাবে তিন সেনা নিহতের কথা জানানো হলেও পরে সংখ্যা বাড়িয়ে ছয়জন নিশ্চিত করা হয়। তবে নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের প্রাথমিক হামলার সময়ই কেন্দ্রটি আক্রান্ত হয়।
হামলার সময় ঘটনাস্থলে বহু মানুষ উপস্থিত ছিলেন। প্রাথমিক বিস্ফোরণের পর যাদের মৃত ঘোষণা করা হয়েছে, তারা নিখোঁজ ছিলেন। ভবনের বিভিন্ন অংশে আগুন জ্বলতে থাকায় উদ্ধারকাজে সময় লেগেছে।