বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৪ মার্চ ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রাম শান্তি-সম্প্রীতির শহর, গড়ছি পরিচ্ছন্ন-সবুজ-নিরাপদ নগরী: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঐতিহাসিকভাবে এ নগরের মাটি ও মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির ধারক ও বাহক। সেই ঐতিহ্যকে ধারণ করে চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ, সুস্থ, নিরাপদ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রহমতগঞ্জের জেএম সেন হল প্রাঙ্গণে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব উৎসব উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, দায়িত্ব গ্রহণের সময় যে অঙ্গীকার করেছিলেন, তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন। গত ১৬ মাসে নগরে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বা বড় ধরনের সংঘর্ষ ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে বসবাস করতে পারেন—সেই পরিবেশ ধরে রাখা সম্ভব হয়েছে।

তিনি বলেন, একটি শহরকে নিরাপদ রাখতে হলে তাকে উৎসবমুখর রাখতে হয়। সম্প্রতি দোল উৎসব উপলক্ষে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের মাঠ উন্মুক্ত করে দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উৎসব তরুণ প্রজন্মের মাঝে সামাজিক বন্ধন দৃঢ় করে।

গণতান্ত্রিক ও ভোটাধিকার রক্ষায় দেশের মানুষের দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করে মেয়র বলেন, চট্টগ্রামকে এমন এক শহর হিসেবে গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি মানুষ নিজের ধর্মীয় ও নাগরিক অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে। তিনি সব নাগরিককে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় সচেতন থাকার আহ্বান জানান।

শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী রাজীব দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, ফরিদপুর মহানাম মঠের অধ্যক্ষ ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী ও ঢাকা ছায়ানটের শিক্ষক বিজন চন্দ্র মিস্ত্রি প্রমুখ।