শুক্রবার
০৬ মার্চ ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীর উত্তরার কামারপাড়ায় একটি বাসায় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), তাদের ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা (১৯) এবং রুবেল (৩৫)।
এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার বাসাটিতে রুবেল-সোনিয়া দম্পতি বসবাস করেন। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করেন। তার চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী এবং কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।
তিনি আরও জানান, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে চাচাতো ভাই রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। একই ভবনের চারতলায় থাকেন সাজেদ মাতব্বর। ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
পরে দেখা যায় ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়ালের কিছু অংশ ভেঙে গেছে এবং বাসায় থাকা ১০ জনই আগুনে দগ্ধ হয়েছেন। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা চলছে। ড্রেসিং করার পর কার কত শতাংশ দগ্ধ হয়েছেন তা নিশ্চিত করে বলা যাবে।