রবিবার
০৮ মার্চ ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশি মিশন প্রধানের দায়িত্বে পরিবর্তন আনছে বিএনপি সরকার। লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে শনিবার রাতে লন্ডনে পৌঁছে স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।
এ সময় সাংবাদিকদের সামনে বিষয়টিকে ‘সুখবর’ হিসেবেও উল্লেখ করেন হুমায়ুন কবির।
তবে অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পাওয়া আবিদা ইসলামকে প্রত্যাহারের বিষয়ে এখনও আনুষ্ঠানিক অফিস আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
বাংলাদেশি টেলিভিশন স্টেশন চ্যানেল ২৪-এর ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সিলেটি ও ইংরেজি মিশিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হুমায়ুন কবির বলেন, লন্ডনের হাই কমিশনে এমন আচরণ করা হচ্ছিল যাতে কমিউনিটি বিভক্ত হয়ে পড়েছে এবং সেখানে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, কমিউনিটির স্বার্থের পরিবর্তে রাজনৈতিক স্বার্থকে গুরুত্ব দেওয়া হচ্ছিল বলেই ওই হাই কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে ইংরেজিতে তিনি বলেন, “হাই কমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।”
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি মিশনগুলোতে ধারাবাহিকভাবে পরিবর্তন আনে। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে লন্ডন মিশনের আলোচিত হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে প্রত্যাহারের পর দায়িত্ব পান আবিদা ইসলাম। ওই সময় তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মেক্সিকোতে যাওয়ার আগে জ্যেষ্ঠ এই কূটনীতিক দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাই কমিশনার (প্রধান মিশন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে সাংবাদিকদের জানান তিনি।