রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৯ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আরব দেশগুলোর ওপর ইরানের বেপরোয়া হামলা, বলছে আরব লিগ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুগপৎ হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। এই পরিস্থিতিতে আরব দেশগুলোর ওপর ইরানের হামলাকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়েছে আরব লিগ।

রোববার (৮ মার্চ) বার্তা সংস্থা এএফপি জানায়, আরব লিগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি ভিডিও কনফারেন্সে সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল ঘেইত এ মন্তব্য করেন।

তিনি বলেন, আরব লিগের সদস্য দেশগুলোর বিরুদ্ধে ইরান বেপরোয়া হামলা চালাচ্ছে এবং এই উদ্যোগ একটি বড় ধরনের কৌশলগত ভুল।

আহমেদ আবুল ঘেইত আরও বলেন, আক্রান্ত আরব দেশগুলো চলমান যুদ্ধে অংশ নিচ্ছে না। তাদের ভূখণ্ড থেকে ইসরাইল বা যুক্তরাষ্ট্র কোনো হামলা চালাতে পারবে না এবং তাদের আকাশসীমা ব্যবহার করেও ইরানের বিরুদ্ধে হামলা হবে না—এ বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে তেহরান ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে। এতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল ওমান। তবে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কারণে সেই উদ্যোগ ভেস্তে যায়।

আবুল ঘেইত জানান, ওমান, কাতার ও মিশরসহ বেশ কয়েকটি আরব দেশ ইরানসহ পুরো অঞ্চলকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত চারজন নিহত এবং আরও ১১২ জন আহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। একই সঙ্গে বাহরাইনের একটি পানি শোধনাগারে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

অন্যদিকে কুয়েতের একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চলজুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান বোমাবর্ষণের মধ্যেই ইরান এসব পাল্টা হামলা চালাচ্ছে বলে জানা গেছে।