রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১০ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ট্রাম্পের সতর্কবার্তায় তেলের দাম কমল ১০ শতাংশ—বিশ্ববাজারে স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি অবরুদ্ধ না করার জন্য সতর্কবার্তা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম একদিনের মধ্যে অনেকটাই কমেছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান এই জলপথ বন্ধ করে তেল পরিবহন ব্যাহত করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর ২০ গুণ কঠোর হামলা চালাবে।

এই সতর্কবার্তার প্রভাবেই মঙ্গলবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮.৯২ ডলারে নেমে আসে। একই সময়ে নাইমেক্স লাইট সুইট ক্রুডের দাম ১০.২ শতাংশ কমে ৮৫.০৮ ডলারে নেমেছে। এর আগে সোমবার তেলের দাম প্রায় ১২০ ডলারে পৌঁছেছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী নাও হতে পারে, ফলে বাজারে স্বস্তি ফিরেছে।

এদিকে সংঘাতের অর্থনৈতিক প্রভাব কমতে শুরু করার সঙ্গে সঙ্গে এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। জাপানের নিক্কি ২২৫ সূচক ৩.৩ শতাংশ বেড়েছে, হংকংয়ের হ্যাং সেং সূচক ১.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং দক্ষিণ কোরিয়ার কেসপি সূচক ৬.২ শতাংশ বেড়েছে।

বিশ্ব জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জি–৭ দেশগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের পাশাপাশি জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, এবং প্রয়োজনে সদস্য দেশগুলোর মজুত তেল বাজারে ছাড়ার উদ্যোগ সমর্থন করবে যুক্তরাজ্য।