বুধবার
১৮ মার্চ ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)-এর পরিচ্ছন্নকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) নগরের কাজীর দেউড়ির একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার হস্তান্তর করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
এবার চসিকের মোট ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নকর্মী প্রত্যেকে ৫ হাজার টাকা করে ঈদ উপহার পাচ্ছেন। এর আগে জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের ১২টি সিটি করপোরেশনের জন্য এই উপহারের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে মেয়র বলেন, পরিচ্ছন্নকর্মীরাই একটি শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতার মূল চালিকাশক্তি। তারা দিন-রাত পরিশ্রম করে নগরবাসীর জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করেন।
তিনি বলেন, “চট্টগ্রামকে একটি ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে পরিচ্ছন্নতা কর্মীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
মেয়র আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে রাতের বেলায় ময়লা অপসারণ কার্যক্রম জোরদার করা হয়েছে, যার ফলে শহরের পরিচ্ছন্নতা অনেকটাই উন্নত হয়েছে। তবে এখনও কিছু ক্ষেত্রে ঘাটতি রয়েছে।
বিশেষ করে বর্জ্য পরিবহনের সময় রাস্তায় ময়লা পড়ে যাওয়া এবং দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পরিচ্ছন্নকর্মীদের সুরক্ষায় দেওয়া ইউনিফর্ম ও নিরাপত্তা সামগ্রী নিয়মিত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, এসব ব্যবহারে যেমন কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি নগরের ভাবমূর্তিও উন্নত হবে।
বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে রিসাইক্লিং, বায়োগ্যাস, গ্রিন ডিজেল ও বিদ্যুৎ উৎপাদনের মতো প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় বাসা থেকে বিনামূল্যে বর্জ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তের কথাও জানান মেয়র।
তিনি বলেন, “এই শহর আমাদের সবার। সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব।”