সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১৮ মার্চ ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাস দুর্ঘটনা, প্রাণ গেল ৩ জনের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বগুড়ার শেরপুর-এ ঢাকা-বগুড়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে ভবানীপুর ইউনিয়ন-এর সোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুরের কাউনিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি হাইস মাইক্রোবাস সোনকা এলাকায় পৌঁছালে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের মাঝখানের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের মধ্যে রয়েছেন—মোছা: ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ পুলিশ-এর শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রইছ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।