বুধবার
১৮ মার্চ ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যেই দেশে চালু করা হবে হেলথ কার্ড। এই ডিজিটাল কার্ডের মাধ্যমে একজন মানুষের স্বাস্থ্য সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষিত থাকবে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ ও গরীবদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “হেলথ কার্ড একটি বিজ্ঞানসম্মত ডিজিটাল ব্যবস্থা। এতে একজন ব্যক্তির জিনগত তথ্য থেকে শুরু করে কোথায়, কখন, কোন চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন—সব তথ্য সংরক্ষিত থাকবে। দেশের যেকোনো হাসপাতালে এই কার্ড দেখালেই চিকিৎসক রোগীর ইতিহাস বুঝতে পারবেন, মুখে কিছু বলতে হবে না।”
তিনি আরও জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা বিস্তৃত করা হবে। একইভাবে কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী মাসের মধ্যেই দেওয়া হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদসহ মওকুফ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের মসজিদ, মন্দির ও কবরস্থানের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে কোনো তহবিল রেখে যায়নি, তবুও বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
পরে মন্ত্রী উপজেলার ২৮২ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের অনুদান বিতরণ করেন।