বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম নগরবাসী, বিএনপির নেতাকর্মী, পেশাজীবী ও দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস ধৈর্য, সংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এক মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও প্রশান্তির বার্তা বয়ে আনে।
ডা. শাহাদাত হোসেন বলেন, ঈদের মূল শিক্ষা হলো সব ভেদাভেদ ভুলে সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হওয়া। তিনি আহ্বান জানান, ব্যক্তিগত আনন্দের পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষের মাঝেও ঈদের আনন্দ ছড়িয়ে দিতে।
শুভেচ্ছা বার্তায় তিনি সাম্প্রতিক নির্বাচনে জনগণের বিপুল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই আস্থার প্রতিদান দিতে একটি আধুনিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনে জনগণের সমর্থন অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
মেয়র হিংসা-বিদ্বেষ পরিহার করে পারস্পরিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানান। পাশাপাশি ঈদের আনন্দ উদযাপনের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনেরও আহ্বান জানান।
তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।