বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে তিনটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ শিহাব ও রাইয়ান ফেরদৌস-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই কর্মকর্তারা জানান, নগরীর বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় অবস্থিত মীর ফিলিং স্টেশন এবং সীতাকুণ্ডের ভাটিয়ারীর বানু বাজার এলাকার ফুয়েল প্লাস ফিলিং অ্যান্ড সার্ভিসিং—এই দুই পাম্পে ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী যথাক্রমে ৫ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে এসব প্রতিষ্ঠানের ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে পরিমাপের যথার্থতা সন্তোষজনক পাওয়া গেছে বলে জানানো হয়।
অন্যদিকে সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুর এলাকায় অবস্থিত মা ফাতেমা সিএনজি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ডিজেল সরবরাহে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সেখানে প্রতি ৫ লিটারে ৪০ মিলিলিটার কম তেল দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সংশ্লিষ্ট ফিলিং স্টেশনটির ডিসপেন্সিং ইউনিট পুনরায় ভেরিফিকেশন করে সঠিকভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরীক্ষক মো. রাশেদ দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।