রবিবার
২২ মার্চ ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: কুমিল্লা সদর দক্ষিণে বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রোববার (২২ মার্চ) সকাল ১১টায় তিনি পদুয়ার বাজার লেভেলক্রসিং এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেসব স্থানে রেলক্রসিং রয়েছে, সেখানে অটোমেটিক গেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে। এ বিষয়ে আগামী বৈঠকে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করা হবে।
তিনি আরও বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে রেলগেটগুলো আধুনিক করা হয়েছে। নির্দিষ্ট স্থানে ট্রেন পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে গেট বন্ধ হয়ে যায়। এখানে গেটম্যান না থাকায় এত বড় দুর্ঘটনা ঘটেছে। অটোমেটিক ব্যবস্থা থাকলে এমন ঘটনা এড়ানো যেত।”
মন্ত্রী জানান, হাইওয়ে সংলগ্ন সব রেলক্রসিংয়ে দ্রুততম সময়ের মধ্যে অটোমেটিক সিস্টেম চালুর চেষ্টা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া এবং জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে শনিবার (২১ মার্চ) রাত ২টা ৫৫ মিনিটে একই এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সাতজন পুরুষ, দুইজন নারী ও তিনজন শিশুসহ মোট ১২ জন নিহত হন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।