রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২২ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বিএনপি নেতা ওসমান গুলিবিদ্ধ, মাকে বাঁচাতে গিয়ে আহত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা প্রকৌশলী ওসমান ও তার মা আছিয়া বেগম গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২২ মার্চ) রাত ৮টার দিকে সরফভাটা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ প্রকৌশলী ওসমান (৪২) ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি রশিদ আহমদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রাতের দিকে চারজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা আছিয়া বেগম (৭০) দুই পায়ে গুলিবিদ্ধ হন। হামলাকারীরা ওসমানের বাবা রশিদ আহমদকেও মারধর করে আহত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।