রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৫ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পদ্মা নদীতে বাস পড়ে নিহত ২, উদ্ধার অভিযান চলছে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজবাড়ী জেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী-তে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার পর মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, গোয়ালন্দ ফায়ার স্টেশনের একটি ইউনিট ও আরিচা ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে এসে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। প্রাথমিকভাবে ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস পানির নিচে বাসটির অবস্থান শনাক্ত করেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর উদ্ধারকারী যান ‘হামজা’র সহায়তায় বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে এবং ডুবুরি দলও প্রায় এক ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু করে।

উদ্ধার হওয়া যাত্রী আবদুল আজিজুল জানান, তিনি সাঁতরে উঠতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান এখনো নিখোঁজ রয়েছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি নদীতে পড়ে গেছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।