রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৬ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

হরমুজ প্রণালী — জাহাজ চলাচলে টোল আদায়ে আইন আনছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের লক্ষ্যে নতুন আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। দেশটির সংসদ এ সংক্রান্ত একটি খসড়া আইন তৈরির কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, এ বিষয়ে একটি খসড়া আইন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং খুব শিগগিরই তা আইনসভায় চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, এই পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরান ফি আদায় করবে।

কমিটির চেয়ারম্যান আরও বলেন, বিষয়টি স্বাভাবিক। অন্যান্য আন্তর্জাতিক করিডোর ব্যবহার করে পণ্য পরিবহনের সময় যেমন শুল্ক দিতে হয়, তেমনি হরমুজ প্রণালীও একটি গুরুত্বপূর্ণ করিডোর। ইরান যেহেতু এর নিরাপত্তা নিশ্চিত করে, তাই জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোর কাছ থেকে শুল্ক আদায় যৌক্তিক।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনা ও সংঘাত নিরসনে ইরান যে শর্তগুলো দিয়েছে, তার একটি হলো—হরমুজ প্রণালীর ওপর নিজেদের কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করা।