মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, নতুন সরকার ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল, বৈচিত্র্যময় এবং ব্যবসাবান্ধব করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
পরিদর্শনকালে তিনি বলেন, দেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে পূর্বোত্তর ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে আখাউড়া স্থলবন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিভাগীয় কমিশনার জানান, কিছুদিন কাজ বন্ধ থাকলেও বর্তমানে আখাউড়া বন্দরের অবকাঠামো উন্নয়ন ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে জোরেশোরে কাজ শুরু হয়েছে। বন্দরে দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা, আমদানির জটিলতা কমানো এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্য নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
আখাউড়া-আগরতলা রেলপথে ট্রেন চলাচল বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং ট্রেন চলাচলও চালু হবে। এ বিষয়ে কাজ চলছে এবং খুব দ্রুতই ইতিবাচক অগ্রগতি আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে বিভাগীয় কমিশনার আখাউড়া স্থলবন্দর, কাস্টমস এবং আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা সরেজমিন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তার, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, আখাউড়া স্থলবন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক রাশেদুল সজীব নাজির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ, কাস্টমস সহকারী কমিশনার কাজী আল মাসুম, আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরে আখাউড়া উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন বিভাগীয় কমিশনার।