রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৩ এপ্রিল ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ডবলমুরিংয়ে দুঃসাহসিক চুরি: ৫.৯২ লাখ টাকা ও ২ হাজার ডলার উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই যাওয়া নগদ ৫ লাখ ৯২ হাজার টাকা এবং ২ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি সকালে আগ্রাবাদ এলাকার বিএম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত নবাব অ্যান্ড কোম্পানি ও এনসি শিপিংয়ের অফিসে চুরির ঘটনা ঘটে। অফিসে ঢুকে কর্মচারীরা দেখতে পান, কাগজপত্র এলোমেলো, আসবাবপত্র তছনছ এবং জানালার গ্রিল কাটা। পরে লকার পরীক্ষা করে বিপুল পরিমাণ নগদ অর্থ, ব্যাংকের এফডিআর সনদ এবং সিসিটিভি ডিভিআর চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার পরপরই থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন খানের নেতৃত্বে এবং এসআই মোবিনুল ইসলামের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে শাওন (২৩) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে আরও দুইজন—হৃদয় ও রাসেলকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, সংঘবদ্ধ চক্রটি পরিকল্পিতভাবে ১৮ ফেব্রুয়ারি রাতে ভবনের পেছন দিয়ে উঠে জানালার গ্রিল কেটে অফিসে প্রবেশ করে। এরপর বিভিন্ন ফাইল ক্যাবিনেট ভেঙে প্রায় ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা এবং মূল্যবান কাগজপত্র চুরি করে।

পরে চোরাই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয় চক্রের সদস্যরা। গ্রেফতারকৃতদের কাছ থেকে ধাপে ধাপে নগদ অর্থ ও মার্কিন ডলার উদ্ধার করা হয়।

এ ঘটনায় চক্রের আশ্রয়দাতা ইমাম হোসেন (৪৪)-কেও গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকেও নগদ টাকা ও ডলার উদ্ধার করা হয়।